আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের জাতীয় সংসদে বুধবার মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচ সংসদ সদস্য। দেশটির বিতর্কিত নিরাপত্তা বিল নিয়ে বিতর্কের জের ধরে এ মারামারির ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি এবং বিরোধীদলের মধ্যে এ সংঘর্ষ হয়।
বিরোধীদের অভিযোগ, জাস্টিস পার্টি উত্থাপিত বিলটিতে বিরোধীদের দমনে প্রেসিডেন্ট এরদোগানকে অতিরিক্ত ক্ষমতা দেয়া হয়েছে। বুধবার সংসদের রুদ্ধদ্বার বৈঠকে বিলটির ওপর বিতর্ক শুরু করতে দেরি করার আহ্বান জানান বিরোধীরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় সংসদ সদস্যরা পরস্পরের দিকে চেয়ার ছুঁড়ে মারেন এবং একজন আরেকজনে ঘুষি মারেন। এতে তিনজন আহত হয়। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে সংসদের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তুর্কি সংসদের সদস্য এরতুগরুল কুরচু জানিয়েছেন, সংঘর্ষের সময় সংসদ সদস্যরা চেয়ার ছুঁড়ে মারেন এবং মারামারিতে হাতুড়ি ও ধাতব ঘন্টা ব্যবহার করেন।
বিতর্কিত নিরাপত্তা বিলটি গত মাসে সংসদে তোলা হয়েছে যাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রি পরিষদের অন্য সদস্যরা জাতীয় নিরাপত্তার অজুহাতে আদালাতের আদেশ ছাড়াই যেকোনো ওয়েবসাইট বন্ধ করতে পারবেন। এছাড়া, পুলিশ বিশেষ ক্ষমতাবলে বিক্ষোভকারীদের বাড়িতে তল্লাশি ও ৪৮ ঘণ্টা পর্যন্ত আটক রাখতে পারবে।

