রাজধানীর মোহাম্মদপুর বসিলায় অনুমোদনহীন চন্দ্রিমা উদ্যানের এভেনিউ-২ এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় নকশাবিহীন কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে এই অভিযান চলে। মো. কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ২৪টি সাব-জোনের মধ্যে ৫/১ একটি সাব-জোন। চন্দ্রিমা উদ্যানের এভিনিউ-২ এলাকায় নকশাবিহীন নির্মাণাধীন সকল ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও কয়েকটি বহুতল ভবনের আংশিক ভেঙে ফেলাসহ ৪টি ভবনে জরিমানা করা হয়। একটি বহুতল ভবনে ৫ লক্ষ এবং ৩টি দ্বিতল ভবনে ৩ লক্ষ টাকা করে মোট ১৩ লাখ টাকার জরিমানা করা হয়। একই সঙ্গে নেয়া হয় মুচলেকা।
স্থানীয়রাও এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং অভিযান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন-৫ এর পরিচালক মো. হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাহ্ এবং মো. সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার ও তুহিন রেজা।

