গত ৬ ফেব্রুয়ারি দৈনিক পাঞ্জেরী’র অনলাইন নিউজপোর্টালে ‘মাহফুজা আক্তারের নেতৃত্বে বিটিভিতে দুর্নীতির সিন্ডিকেট’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মোছাঃ মাহফুজা আক্তার। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, গত ৩ জানুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করে মানসম্মত নিয়মিত অনুষ্ঠান, সরাসরি অনুষ্ঠান, সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার, নিষ্ঠা ও সততার সঙ্গে পরিচালনা করে আসছেন তিনি। সংবাদ প্রকাশের পর তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

