
নিজস্ব প্রতিবেদক : হরতাল-অবরোধে সহিংসতার ঘটনার বিচার করতে এন্টিটেরোরিজম স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপিয়ান পার্লামেন্টোরি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যতদিন পর্যন্ত স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা না হবে ততদিন পর্যন্ত দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ আদালত বর্তমান প্রচলিত আইনের আওতায় ৬০ দিনের মধ্যে নাশকতা ও সহিংসতার বিচার কাজ সম্পন্ন করবেন এই মর্মে নির্দেশনা দেয়া হয়েছে। তবে কোনো কোনো মামলার ক্ষেত্রে সময় বাড়ানোর প্রয়োজন হলে সে ক্ষেত্রে সময় বাড়ানো যেতে পারে।’
ইউরোপিয়ান পার্লামেন্টোরি প্রতিনিধি দলকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও অবিহিত করা হয়েছে বলেও তিনি জানান।

