ঢাকাSaturday , 10 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দেশের চিকিৎসকরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন’

Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, পর্যাপ্ত সুযোগ পেলে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বে উদাহরণ সৃষ্টি করতে পারবে। দেশের চিকিৎসকরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন।
আজ শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাক রিকনস্ট্রাকশন সার্জারি বাংলাদেশে আগেও অনেক হয়েছে, তবে বিদেশি প্রথম রোগী ভুটানের ২৩ বছর বয়সী কলেজপড়ুয়া শিক্ষার্থী কারমা দেমার সফল সার্জারি বার্ন ইনস্টিটিউটের একটি বড় অর্জন।
তিনি বলেন, দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরানোর লক্ষ্যেই কাজ করছে সরকার। এ ছাড়া ভুটান বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে ১০-১৫ ইউনিটের বার্ন ইউনিট করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। পাশাপাশি অন্তত সার্কভিত্তিক দেশগুলোতে বাংলাদেশের চিকিৎসকদের বিভিন্ন ক্যাম্প করার চিন্তাভাবনা করা হচ্ছে।
প্রথমবার বিদেশ থেকে রোগী আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভুটানে আমাদের একটা টিম গিয়েছিল। আমরা যখন গিয়েছিলাম, আমি আউটডোরে ছিলাম তখন এই মেয়েকে নিয়ে আলাপ হয়। আমরা তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ভাবি। আমি সে সময় সেদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করি এবং প্রধানমন্ত্রীকে মেসেজ করি। আমরা তাকে একজন রোগী নিয়ে আসার কথা জানাই। তিনি আমাদের বলেন, ঠিক আছে। নিয়ে আসো।’
কারমা দেমার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, তার প্লাস্টিক সার্জারিতে আমার এখানের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের ফলে মেয়েটাকে আজকে এই অবস্থায় আনা সম্ভব হয়েছে। সে এর আগে দিল্লিসহ অনেক জায়গায় গিয়েছে। কিন্তু কোথাও তার অবস্থার উন্নতি হয়নি। যে অপারেশনটি করা হয়েছে তা এখানেই শেষ নয়। এরপরেও আরও অপারেশন আছে। আমরা এখন তাকে ছেড়ে দেব, এরপর সে আবার আসবে। তখন তার নাককে আরও সুন্দর করে আমরা একটি পর্যায়ে নিয়ে যাব। এর মাধ্যমে আমি শুধু এইটুকু মেসেজ দিতে চাই, আমরাও পারি। সেই প্রথম রোগী যে মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশে এসেছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। এ জন্য প্রত্যেকের সহযোগিতা পেয়েছি।
সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে কাজের প্রত্যয় জানিয়ে সামন্ত লাল সেন বলেন, কয়েক দিন আগে নেপালের রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন। আমি উনাকেও বলেছি, আমরা নেপালেও এমন একটি টিম নিয়ে যেতে চাই। সেখানে যদি এমন ক্রিটিক্যাল রোগী থাকে, উনারে যেন আমাদের এখানে নিয়ে আসে। আমরা চাচ্ছি, সার্কভুক্ত দেশগুলোর সাথে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি করতে। তারা আমাদের এখানে আসবে এবং আমরাও যাবো। আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কাজ করব।
২০২৩ সালের ২৫ সেপ্টেম্বরে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তৎকালীন প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জারি টিম ভূটানে গিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুদেশের সরকারের উদ্যোগে ভূটানের রাজধানী থিম্পুতে সাত দিনব্যাপী প্লাস্টিক সার্জারি ক্যাম্প পরিচালিত হয়। ওই ক্যাম্পে বাংলাদেশের সার্জনরা ১৬টি সফল জটিল প্লাস্টিক সার্জারি করেন। সেই ক্যাম্পেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে নাক ঠিক করার জন্য কারমা দেমাকে নিয়ে আসা হয়েছিল।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলসহ ইনস্টিটিউটের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।