
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে মিনস্ক চুক্তি লঙ্ঘণের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র দেশটিকে সতর্ক করে বলেছে, এ জন্য মস্কোকে চরম মূল্য দিতে হবে। সরকারি বাহিনী এবং মস্কোপন্থি বিদ্রোহীদের মধ্যে লড়াই বন্ধে গত সপ্তাহে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
এদিকে বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত ইউক্রেন সেনারা শহর ছাড়তে শুরু করেছে বলে জানা গেছে। এর আগে শহরের অধিকাংশ এলাকা দখলে নেয়ার দাবি করেছিল বিদ্রোহীরা।
মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে কথা বলার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ সেনাদের সহায়তা নিয়ে অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষরের পরও দেবালৎসেভে লড়াই চালিয়ে যাচ্ছে বিচ্ছিন্নবাদীরা। এ সময় রাশিয়াকে সতর্ক করে দিয়ে তিনি বলেন,‘রাশিয়া যদি অব্যাহতভাবে মিনস্ক চুক্তি লঙ্ঘণ করতে থাকে তবে তাদের চরম মূল্য দিতে হবে।’
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বুধবার বিবিসি জানিয়েছে, দেবালৎসেভ শহর ছেড়ে যেতে শুরু করেছে ইউক্রেন সেনারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাদের বিদ্রোহীদের কাছে আত্মপমর্পণ করার আহ্বান জানানোর পর তারা শহর ছেড়ে আসতে শুরু করেছে। শহরের ৮০ ভাগ এলাক এখন বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। এর আগে পুতিন বলেছিলেন, অস্ত্র সমর্পণ করলে ওইসব সেনাদের আটকে রাখার বদলে পরিবারের কাছে ফিরে যাওয়ার অনুমতি দেবে বিদ্রোহীরা।
মঙ্গলবার হ্যাঙ্গেরি সফরের আগে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, অস্ত্রের মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন,‘আশা করছি ইউক্রেন কর্তৃপক্ষ তাদের সেনাদের অস্ত্র সমর্পণে বাধা দেবে না।’এ সময় তিনি ইউক্রেন সরকার এবং বিদ্রোহীদের প্রতি শান্তিচুক্তি মেনে চলারও আহ্বান জানান।
দোনেতস্ক এবং লুহানস্ক শহর দুটি দখলে নেয়ার পর রুশপন্থি বিদ্রোহীরা এখন দেবালৎসেভ শহরটির ওপর দখল প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বিদ্রোহীদের শহর দখলে নেয়ার প্রচেষ্টাকে অস্ত্রবিরতি চুক্তির ওপর ‘কঠোর আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন।
নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বিশ্ববাসীকে এই আগ্রাসন রুখতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মার্কেলের সঙ্গে টেলিফোনে আলাপ শেষে তিনি এ কথা বলেন।

