আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় সন্ত্রাসী সংগঠন বোকো হারামের পৃথক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার বোর্নো ও ইয়োবি প্রদেশে এ ঘটনা ঘটে।
মাত্র ছয় সপ্তাহ পর নাইজেরিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বোকো হারাম ইতোমধ্যে এ নির্বাচন ভন্ডুলের ঘোষণা দিয়েছে। তাদের এ হুমকির মুখে গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলে পরে তা পেছানো হয়ে। ইতোমধ্যে আফ্রিকান ইউনিয়েনের পাঁচটি দেশ বোকো হারামের বিরুদ্ধে যৌথ অভিযানের ঘোষণা দিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে বোর্নো প্রদেশের ইয়ামারকুমি গ্রামের একটি চেকপয়েন্টে একটি মোটরচালিত রিকশায় তিন হামলাকারী এসে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ৩৬জন নিহত হয়। আহত হয় ২০ জন। হতাহতদের অধিকাংশই শিশু ও ভিক্ষুক। এ ঘটনার মাত্র চার ঘন্টা পর প্রতিবেশি ইয়োবি প্রদেশের রাজধানী পোতিসকুমের একটি রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী বোমা হামলাকারী। এতে ওই হোটেলের মালিক ও এক স্টুয়ার্ড নিহত হয়। আহত হয়েছে আরও ১৫ জন।

