ঢাকাSaturday , 13 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোববার কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার (১৪ জানুয়ারি) সকালে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এ দিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় ভাষণ দিবেন।

 

কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওইদিন সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় গিয়ে মতবিনিময় সভায় যোগ দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। মতবিনিময় সভাস্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেখ হাসিনার এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। উপজেলা সদরসহ আশপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। রাস্তার দু’পাশে লাল-নীল, সবুজ-হলুদসহ নানা রঙের পতাকা দিয়ে সঞ্জিত করা হয়েছে।

উপজেলা সদরসহ আশপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে

প্রধানমন্ত্রীর এই মতবিনিময় সভার প্যান্ডেলে ২ হাজার নেতা-কর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী আসন থেকে বিপুল ভোটে অস্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমরা তাকে শুভেচ্ছা জানাতে ঢাকায় যেতে চেয়েছিলাম। তখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদেরকে বলেছেন, ‘তোমাদের ঢাকা আসতে হবে না, আমিই তোমাদেরকে শুভেচ্ছা জানাতে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আসবো।’ এ জন্য তিনি রোববার কোটালীপাড়ায় আসছেন।

এদিকে, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আজ শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় নতুন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।