দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন এ্যাড. তালুকদার মো. ইউনুস। তবে শরিক দলের সাথে আসন সমঝোতার কারণে মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছিল তাকে। কিন্তু ঐ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি। ঐ আসনে তার ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে। বিগত দিনে তিনি উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়ন করে সাড়া ফেলে দিয়েছিলেন। সে কারণে জনগণের চাহিদা অনুযায়ী এবারও প্রার্থিতা করছিলেন। কিন্তু গত ৪ জানুয়ারি রাশেদ খান মেননকে তিনি সমর্থন জানিয়ে তাকে জয়লাভ করানোর লক্ষ্যে দিনরাত নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। তারই ফলশ্রুতিতে গত ৭ জানুয়ারি ঐ আসন থেকে প্রত্যাশা অনুযায়ী রাশেদ খান মেনন সংসদ সদস্য নির্বাচিত হন। আর মনিরুল ইসলাম মনি’র এই ত্যাগ, পরিশ্রম, সমর্থন ও ভালোবাসার প্রতিদান দিলেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। গত সোমবার (৮ জানুয়ারি) রাশেদ খান মেনন উজিরপুরে এক আলোচনা সভায় মনিরুল ইসলাম মনির প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন।

