নিজস্ব প্রতিবেদক : পাঁচ হাজার ৩৯৭ কোটি সাত লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরিকল্পনামন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল বৈঠক শেষে সাংবাদিকদের জানানা, একনেক সভায় আজ ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে পাঁচ হাজার ৩৯৭ কোটি সাত লাখ টাকা।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সরকার নিজস্ব তহবিল থেকে চার হাজার ৯১৪ কোটি ৬৫ লাখ টাকা দেবে। সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ২৯ কোটি ৩১ লাখ টাকা। এছাড়া অবশিষ্ট ৪৫৩ কোটি ১১ লাখ টাকা পাওয়া যাবে প্রকল্প সহায়তা হিসেবে।
প্রকল্পগুলোর মধ্যে নতুন তিনটি ও সংশোধিত প্রকল্প তিনটি।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘ইনস্টলেশন অব প্রিপেইড গ্যাস মিটার ফর ন্যাচারল গ্যাস এফিসিয়েন্সি প্রজেক্ট’ এর জন্য ৭১৯ কোটি ১৬ লাখ টাকা ব্যয় করা হবে। জানুয়ারি ২০১৫ থেকে ডিসেম্বর ২০২২ মেয়াদে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
দেশের ৪২ লাখ ৪৪ হাজার দরিদ্র শিক্ষার্থীদের ৭৯১ কোটি ৩৮ লাখ টাকা উপবৃত্তি দেয়া হবে। সরকারি অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন হবে জুলাই ২০১৪ থেকে জুন ২০১৭ পর্যন্ত।
৪৩৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। দ্বিতীয়বার সংশোধিত এ প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৮ পর্যন্ত।
‘বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটিতে ব্যয় হবে এক হাজার ৭১০ কোটি টাকা। দ্বিতীয়বার সংশোধিত এ প্রকল্পটির মেয়াদ হবে জুলাই ২০০৯ থেকে জুন ২০১৯ পর্যন্ত।
এছাড়া খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৪৮ কোটি ২৮ লাখ টাকা। প্রথমবার সংশোধিত এ প্রকল্পটির মেয়াদ হবে জুলাই ২০০৯ থেকে জুন ২০১৮ পর্যন্ত।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মোহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রমুখ।

