সিলেট প্রতিনিধি : বিএনপি জোটের হরতালের কারণে ফের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এই পরিবর্তন আনা হয়েছে। অন্তত পরীক্ষার সময়ে হরতাল- অবরোধ না দেয়ার জন্য আমি বারবার তাদের প্রতি আহ্বান জানিয়েছি। আশা করেছিলাম তাদের মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। কিন্তু আজ আবারো হরতালের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা দেশের এই অবস্থা সৃষ্টি করে ১৫ লাখ শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে ফেলেছেন তারা চাইলে এর স্থায়ী সমাধান দিতে পারবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, এবারের এসএসসি পরীক্ষা শুরু থেকেই বিএনপি জোটের হরতালের ফাঁদে পড়েছে। হরতালের কারণে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পরীক্ষা নেয়া হচ্ছে। এ দুদিন হরতালে বিরতি থাকলেও চলছে অবরোধ।
বুধবার এসএসসিতে পদার্থবিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশ থেকে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

