পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে পণ্যের সনদ (সিএম) গ্রহণ ব্যতীত স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বুধবার (২৫ অক্টোবর) মিরপুরের মাহবুব সেনিটারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধির কাছ থেকে মুচলেকা নিয়ে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত গিজার উৎপাদন বন্ধের নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একইসঙ্গে লাইসেন্স গ্রহণ ব্যতীত স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে নাজমা গিজার, মনিপুর, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫ হাজার টাকা এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে আরও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লেখিত দুইটি আইনে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার খালেদ হোসেন ও পরীক্ষক মোশাররফ হোসেন।

