নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষা চলাকালে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় তা নিশ্চিত করা এবং সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এক রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রেও যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত এবং বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রিটে স্বরাষ্ট্র, আইন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিজি র্যাব, বিজিবি প্রধান, ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট মহানগর পুলিশের কমিশনারসহ মোট ১৬০ জনকে বিবাদী করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে এ রিটটি দায়ের করেন শাফিউল আযম বারকু নামের এক ব্যক্তি। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাডভোকেট আজহারুল ইসলাম।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, আব্দুল মতিন খসরু, সাহারা খাতুন, সানজিদা খানম। এসময় রেজাউল করিম, নুরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

