নিজস্ব প্রতিবেদক : শিশু জিহাদের উদ্ধার তৎপরতায় অবহেলার কারণে কেন তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ফায়ার সার্ভিস, ওয়াসা, ঢাকা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে জিহাদের উদ্ধার তৎপরতায় ওয়াসা, রেলওয়ে কর্তৃপক্ষ ও সরকারের অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে।
শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা দুটি রিটের ওপর শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। গত ২৮ ডিসেম্বর এ রিটদুটি দায়ের করেছিলেন ব্যারিস্টার সৈয়দ মাইনুল হক ও চিল্ড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম।
এছাড়াও আদেশে সারাদেশে কী পরিমাণ অরক্ষিত পাইপ, গর্ত, জলাধার, পয়ঃনিষ্কাশন পাইপ রয়েছে সেগুলোর একটি তালিকা ১৫ মে-এর মধ্যে আদালত জমা দিতে বলা হয়েছে।
রোববোর আদালতে চিল্ড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিকেলে শাজাহানপুরে বাসার কাছে রেলওয়ে মাঠের পাম্পের পরিত্যক্ত পাইপে পড়ে যায় শিশু জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু জিহাদের উদ্ধার তৎপরতার এক পর্যায়ে ধরে নেয়া হয়েছিল পাইপে কেউ নেই। পুরো বিয়টিই গুজব। পরে মূলত ৩ যুবকের চেষ্টায় পাইপের ভেতর থেকেই উদ্ধার করা হয় শিশু জিহাদকে।

