আন্তর্জাতিক ডেস্ক : ই্উক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনসহ চার জাতির বৈঠক শেষে বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।
গত বছর শুরু হওয়া পূর্ব ইউক্রেনে রুশপন্থিদের সাথে ইউক্রেন সেনাবাহিনীর সংঘর্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার লোক নিহত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এ সংঘর্ষের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এ সংঘাতের জন্য রাশিয়াকে দোষারোপ করে আসছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব। তবে রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।
সংঘাত বন্ধে বুধবার ইউক্রেন , রাশিয়া, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রপ্রধানরা বুধবার মিনস্কে বৈঠকে বসেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ম্যারাথন বৈঠক চলে।
বৈঠক শেষে রাশিয়ার টুয়েন্টিফোর টিভিকে জানান, ‘আমরা প্রধান ইস্যুতে একমত হয়েছি।’
তিনি বলেন, ‘আমরা অস্ত্রবিরতিতে সম্মত হয়েছি।’ শনি-রবিবার মধ্যরাত থেকে অস্ত্রবিরতি কার্যকর হবে বলেও জানান পুতিন।
তবে তিনি অভিযোগ করেন, বিদ্রোহীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার বিষয়ে কিয়েভ এখনও অনিচ্ছা প্রকাশ করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্ক অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় জানিয়েছেন, ‘ব্রেকিং: মিনস্কে সমঝোতা’।

