আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের যোদ্ধাদের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি সামরিক হামলা চালানোর জন্য কংগ্রেসের অনুমোদন চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ৩ বছর মেয়াদি এ অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন এই যোদ্ধারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
২০০২ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক অভিযানে সামরিক বাহিনী মোতায়েনের জন্য কংগ্রেসের অনুমোদন চাওয়ার পর এই প্রথম অন্য কোনও মার্কিন প্রেসিডেন্ট একই ধরনের অনুমোদন চাইলেন ।
ইরাক ও সিরিয়ার আইএস যোদ্ধাদের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন চাওয়ার পর হোয়াইট হাউজে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘এই প্রস্তাবের মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য পরিষ্কারভাবেই প্রতিফলিত হচ্ছে। সেটি হলো আইএসকে নিশ্চিহ্ন করে দেয়া।’
গত বছর আগস্ট মাস থেকে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। এ পর্যন্ত জোট বাহিনী আইএসর বিরুদ্ধে ২ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের সংবিধিবদ্ধ একক ক্ষমতাবলে এটি চলছে।
এ সম্পর্কে ওবামা বলেন,‘একটি ব্যাপক ও সমন্বিত কৌশলের মাধ্যমে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা ও প্রশিক্ষণ দেয়া হবে। ওই অঞ্চলে তাদের হামলা প্রতিহত করতে সিরিয়ার বিরোধীদেরও এতে অন্তর্ভূক্ত করা হবে।’
ওবামা প্রশাসনের এ্রই পরিকল্পনায় সীমিত আকারে স্থল হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে তিনি বলছেন, মধ্যপ্রাচ্যে আরো একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে যেতে চাইছে না তার দেশ। যদিও আইএস বাহিনীকে দমনে সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন। এজন্য আইন প্রণেতাদেরকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

