দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল আনোয়ার আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
রফিকুল আনোয়ার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল কালাম মাস্টারের ছেলে। মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টায় তার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করার কথা রয়েছে।
তার মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন রফিকুল আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষায় তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। নিহতের বড় ছেলে মো. আশরাফুল আনোয়ার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাবা ৩ দিন ধরে অসুস্থ ছিলেন। ৩ দিন পর আজ অফিসে গেছেন। রাত ১০টা ১০ মিনিটে বাসায় এসে পানি চেয়েছেন। পানি খাওয়ানোর পর তিনি বাসায় ঘুরে পড়ে যান। পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের এমপি। ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী সম্পাদক পরিষদের সেক্রেটারি আকাশ মো. জসিম। মরহুম সাংবাদিক রফিকুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার রুমী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, মো. রফিকুল আনোয়ার দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক। তার সম্পাদনায় ২০১২ সাল থেকে পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছিল। এছাড়াও তিনি পাক্ষিক তথ্যপত্র ও দৈনিক নোয়াখালীর খবর পত্রিকার সম্পাদক হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি নোয়াখালী বিভাগ চাই আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন।

