আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন প্রসঙ্গে শান্তি আলোচনা নিয়ে যত আশাবাদীই হোক না কেন জাতিসংঘ, ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র হয়ত দেশটিতে অন্য কোনো ভবিষ্যত দেখতে পেয়েছে। যার প্রতিক্রিয়ায় দুটি দেশই নিজ নিজ দূতাবাস বন্ধ করে দূতদেরও স্বদেশে ফিরিয়ে নিয়ে এসেছে। কারণটি অবশ্যই নিরাপত্তাজনিত, এবং তা তারা প্রকাশও করছে বেশ উচ্চকণ্ঠে। ব্রিটেনের পররাষ্ট্র অধিদপ্তরের কর্তাব্যক্তিরা এমনকি ইয়েমেনে অবস্থানকারী ব্রিটিশ নাগরিকদেরও নিরাপত্তাজনিক কারণে সে দেশত্যাগের পরামর্শ দিয়েছে। অবস্থানরত নাগরিকদের উদ্দেশ্যে একই পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসনও।
টোবাইয়াস এলউড ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী। তিনি ইয়েমেনের চলমান সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আগেও। এবার প্রত্যক্ষ আত্মরক্ষামূলক পদক্ষেপে এগিয়ে এলেন। তিনি বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা বিবেচনা করে দেখলাম আমাদের দূতাবাস এবং কর্মচারীরা সেখানে জীবনহানির ঝুঁকি নিয়ে কাজ করছেন। যে কারণে সানায় ব্রিটেনের সবরকম কূটনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্যে স্থগিত রেখে কর্মচারীদের ফিরিয়ে আনতে বাধ্য হয়েছি।
কাছাকাছি মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও। এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইয়েমেনের সঙ্গে সকল প্রকার বাণিজ্যিক ও রাষ্ট্রিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করা হলো।’

