ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীতে মারা যাওয়া শিশুদের ব্যবস্থাপত্র দেখল কমিটি

Link Copied!

Osmany Medicalসিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত দল এ তদন্ত কাজ শুরু করেছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেনের নেতৃত্বে হাসপাতালে স্বাস্থ্য বিভাগের পরিচালক (হাসপাতাল ও নাসিং) সামিউল ইসলাম সাদী ও ঢাকা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. আবির হোসেন রাব্বি এ তদন্ত কাজ শুরু করেছেন।
বুধবার দুপুর ১২টা থেকে হাসপাতাল থেকে তারা এ তদন্ত কাজ শুরু করেন। তারা মারা যাওয়া ১০ শিশুসহ বাকি ২২ জন রোগীর কাগজপত্র ও ব্যবস্থাপত্র দেখেছেন।
তদন্ত দল প্রথমে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিয়ার সঙ্গে বৈঠক করেন। ১টার দিকে তারা হাসপাতালের ২১, ২২ ও ২৩ নম্বর শিশু ওয়ার্ড পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বেলা ২টায় তদন্ত দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. আবির হোসেন রাব্বি গণমাধ্যমকে জানান, ‘২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। আমরা যেসব রোগী মারা গেছ্নে, তাদের কাগজপত্র ও ব্যবস্থাপত্র দেখেছি। এগুলোতে কোনো ধরনের অস্বাভাবিকতা আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। ৩২ জনের মৃত্যুর ঘটনায় কোনো অস্বাভাবিকতা থাকলে এবং এ জন্য কেউ দায়ী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।’
প্রাথমিকভাবে কোনো ধরনের অস্বাভাবিকতা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডা. আবির বলেন, ‘তদন্ত চূড়ান্তভাবে শেষ হওয়ার পরই বিষয়টি নিয়ে কথা বলা যাবে। তার আগে কিছু বলা সম্ভব নয়।’
এদিকে এখন থেকে সিলেট ওসমানী হাসপাতালে আগত রোগীরা যেন আরো ভাল সেবা পান, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিঞা জানিয়েছেন,  হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ইসমাঈল পাঠোয়ারীর নেতৃত্বে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্তদলও কাজ শুরু করেছে।
এ তদন্ত দলে আরো আছেন হাসাপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মনজ্জির আলী, আবাসিক চিকিৎসক রঞ্জন কুমার রায়, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান আলী  হাসান চৌধুরী, গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মসিহ উদ্দিন চৌধুরী। এ তদন্ত কমিটি আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
প্রসঙ্গত, মঙ্গলবার ওসমানী হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়। এতো স্বল্প সময়ে এতোজনের মৃত্যুর ঘটনায় মারা যাওয়া রোগীদের স্বজনরা চিকিৎসকদের অবহেলাকে দায়ী করেন।