নিজস্ব প্রতিবেদক : ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম ৭ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩২ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ সব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত বছর একই সময়ে এ হার ছিল ৩১ ভাগ। গত বছর প্রথম ৭ মাসে ২২ হাজার ৯ শত ৩৭ কোটি টাকা ব্যয় হয়েছিল। এ বছর তা ২৭ হাজার ১৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘যে মন্ত্রণালয়গুলো তাদের জন্য বরাদ্দকৃত অর্থের যে অংশ নির্দিষ্ট সময়ে ব্যয় করতে পারবে না তারা এখনই তা জানিয়ে দিলে সে অংশ অন্যত্র বরাদ্দ দিতে পরিকল্পনা কমিশন এখন থেকেই উদ্যোগ নিবে।’
সংবাদ সম্মেলনে এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

