ঢাকাTuesday , 19 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেট এলাকার ২০ মার্কেটের দোকানপাট বন্ধ

নিউজ ডেস্ক
April 19, 2022 3:36 pm
Link Copied!

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের কারণে ওই এলাকার অন্তত ২০টি মার্কেটের দোকানপাট বন্ধ রয়েছে। এতে দিনে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ঈদ কেনাকাটার ভর মৌসুমে এমন ঘটনা দুঃখজনক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে তাদের ব্যাপক ক্ষতি হবে।
সোমবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে রাতে পরিস্থিতি শান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, খুবই দুঃখজনক যে কেনাকাটার মৌসুমে এমন ঘটনা ঘটছে। ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের কী পরিমাণ ক্ষতি হচ্ছে! তার পরেও আমরা কথা বলেছি পুলিশ কমিশনারের সঙ্গে। উনারা আমাদের আশ্বাস দিয়েছেন বিকেলের মধ্যে মার্কেট খুলে দেওয়ার ব্যবস্থা করবেন। ঢাকা কলেজের কারও সঙ্গে কথা বলতে পারিনি। তারা তো যুদ্ধের মধ্যেই আছে।
তিনি আরও বলেন, নিউ মার্কেট এলাকায় চাঁদনীচক সহ ১৫ থেকে ১৬টি মার্কেট আছে। সেখানে দেড় লাখের বেশি ব্যবসায়ী ব্যবসা করছেন। এখন কমপক্ষে প্রতিদিন একশ কোটি টাকার ব্যবসা হচ্ছে। এছাড়াও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আরও কয়েকটি মার্কেট আছে।
সংশ্লিষ্টরা বলছেন, দুই বছর করোনার কারণে ঈদের বেচাকেনা হয়নি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার ঈদকে কেন্দ্র করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে নিউমার্কেট এলাকার সংঘর্ষের সমাধান না হলে তাদের শত কোটি টাকার লোকসান হবে। পাশাপাশি ঈদ কেন্দ্রিক বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।