
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক : পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা, ধংসাত্মক কর্মকাণ্ডসহ রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
সোমবারও জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথকভাবে আয়োজিত মানবন্ধনে এ আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু ঐক্যজোট, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বাবুল আক্তার বলেন, ‘দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা, শিল্প প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকসহ সর্বস্তরের মানুষ আজ আতঙ্কিত এবং ক্ষতিগ্রস্ত। দেশের পণ্য উৎপাদন ও পরিবহন ক্ষতিগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না।’
বাংলাদেশ হিন্দু ঐক্যজোটের চেয়ারম্যান প্রশান্ত কুণ্ডু বলেন, ‘আজকে আমরা যে সহিংসতার মধ্যদিয়ে দিন পার করছি তাতে দেশ না এগিয়ে পিছিয়ে যাচ্ছে। রাস্তায় হাঁটলে বোমা, বাসে উঠলে বোমা। কিন্তু তা কেন? কি কারণে আমরা রাজনীতির নামে এসব করছি। এটাই কি আোদের গণতান্ত্রিভাবে ক্ষমতায় আসার রাজনীতি?’
অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করেত ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মোজাফফর হোসেন পল্টু।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাংগঠনিক সচিব কে এম শহিদউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক এম দেলোয়ার হোসেন, সদস্য সচিব মঈনউদ্দিন, বাংলাদেশ হিন্দু ঐক্যজোটের মহাসচিব কার্তিক কর্মকার, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাঙ্গুলি প্রমুখ।

