ঢাকাSunday , 8 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবরোধ- হরতাল বন্ধের দাবি
অর্থনীতি বাঁচাতে দেশব্যাপী রাজপথে ব্যবসায়ীরা

Link Copied!

FBCCI3
নিউজ ডেস্ক : দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ-হরতালে দেশের অর্থনীতির চাকা অনেকটাই থমকে গেছে। রাজনৈতিক অস্থিরতায় স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি। সেইসঙ্গে পণ্য পরিবহনও করতে পারছেনা ব্যবসায়ীরা। এতে ব্যপক ক্ষতির মুখে দেশের সামগ্রিক অর্থনীতি। তাই এ অচলাবস্থা থেকে মুক্তি পেতে অবশেষে ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ স্লোগানে হাতে জাতীয় পতাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দেশের বিভিন্ন স্থানে রাজপথে দাঁড়িয়েছেন ব্যবসায়ীরা। এ সময় তারা চলমান সঙ্কট থেকে উত্তোরণে আলোচনার মাধ্যমে সরকার ও বিরোধীপক্ষকে অচলাবস্থা থেকে দেশ ও অর্থনীতিকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী করা মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান ব্যবসায়ীরা।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ: ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ স্লোগানে জাতীয় পতাকা হাতে মানববন্ধনে অংশ নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি হরতাল-অবরোধের মত ধ্বংসাত্মক কর্মসূচির বিকল্প কর্মসূচি খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।
রোববার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত বিকেএমইএ এর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৭টি জাতীয় ভিত্তিক ও ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে পরিচালিত নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নেতারা অংশ নেয়।
গাজীপুর: অব্যাহত হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাজীপুরের ব্যবসায়ী সমাজ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা।
রোববার দুপুর ১২ টা থেকে সোয়া ১২ টা পর্যন্ত জেলা শহরের তিনসড়ক এলাকায় পোশাক শ্রমিক ও মালিক পক্ষ মানববন্ধন পালন করে তারা।
রাজশাহী: দেশব্যাপী চলমান হরতাল-অবরোধের বিরুদ্ধে রাজশাহীতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যবসায়ীরা জাতীয় পতাকা হাতে নিয়ে রোববার বেলা ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে।
রাজশাহী চেম্বার অব কমার্সের উদ্যোগে চেম্বার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর শিল্প এলাকা বিসিক মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর ও তালাইমারি এলাকায় একই কর্মসূচি পালিত হয়।
পৃথক কর্মসূচি থেকে সরকার ও বিরোধীদলকে আলোচনার মাধ্যমে দেশের সংকটময় পরিস্থিতি উত্তোরণের দাবি জানান ব্যবসায়ী নেতারা।
বরিশাল:  দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও এবং জান মালের নিরাপত্তার পাশাপাশি ব্যবসার পরিবেশ চেয়ে বরিশালেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সোয়া এগারোটায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোডে) ঘণ্টাব্যাপী জাতীয় পতাকা হাতে এই কর্মসূচি পালন করে দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাজট্রিজসহ ব্যাবসায়ীদের ৪১টি সংগঠন।
চাঁপাইনবাবগঞ্জ: একই দাবিতে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
রোববার প্রেসক্লাবের সামনে দুপুর ১২টা হতে ১২টা ১৫ মিনিট পর্যন্ত জেলার বিভিন্ন ব্যবসায়ীরা জাতীয় পতাকা হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সাতক্ষীরা: জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সঙ্গীত  গেয়ে শান্তির জন্য মানববন্ধন করেছে  ব্যবসায়ীদের সংগঠন সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতি।
রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তারা সহিংসতা ও নাশকতা বন্ধের পাশাপাশি  হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতি না করার আহ্বান জানান ।
ঝিনাইদহ: দেশব্যাপী হরতাল-অবরোধ ও সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে দোকান মালিক সমিতি।
রোববার সকাল ১১ টায় শহরের পায়রা চত্বর ও সদর উপজেলার হাটগোপালপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ঘণ্টাব্যাপী ভিন্ন ভিন্ন মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করে জেলার প্রায় ২ হাজার ব্যবসায়ী।
খুলনা: দেশজুড়ে অবরোধ ও হরতালের প্রতিবাদে খুলনার ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডস্ট্রির পক্ষ থেকেও অবস্থান কর্মসূচি পালন করেছে।
রোববার দুপুরে ‘সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচা’  শ্লোগান সম্বলিত প্লযযাকার্ড প্রদর্শন ও জাতীয় পতাকা হাতে নিয়ে চেম্বার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা।
অবস্থান কর্মসূচিতে খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ নেতৃবৃন্দসহ এতদাঞ্চলের অর্ধশতাধিক ব্যবসায়ী সংগঠনের নেতা ও সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন।
পটুয়াখালী:  দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে মানববন্ধন করেছে পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে রোববার বেলা ১২ টা থেকে সোয়া ১২ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে পটুয়াখালী চেম্বার অফ কমার্স এর সভাপতি মতিউর রহমান,পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপিত স্বপন ব্যনার্জীসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
কিশোরগঞ্জ: একই দাবিতে কিশোরগঞ্জেও পালিত হলো ১৫ মিনিটের ব্যবসায়ী-জনতার অবস্থান কর্মসূচি। জাতীয় পতাকা হাতে রাস্তার পাশে এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ।
দুপুরে শহরের রঙমহল সিনেমা হলের সামনে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় ব্যাবসায়ীরা জাতীয় পতাকা হাতে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
সমাবেশ থেকে অবিলম্বে দেশে চলমান অস্থিতিশীল পরিবেশ বন্ধ করে  স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
কুড়িগ্রাম: দেশের বৃহত্তর স্বার্থে সংঘাত-সহিংসতা বন্ধ করে অবরোধ ও হরতাল প্রত্যাহার করে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করার অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন কুড়িগ্রামের ব্যবসায়ীরাও।
রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স ও বিভিন্ন ব্যাবসায়ী সমিতি ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে চলমান সহিংসতা বন্ধ ও অর্থনীতি সচল রাখার দাবীতে মানববন্ধনে অংশ নেয়।
ময়মনসিংহ: সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পতাকা হাতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় কেন্দ্রীয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর আহবানে শহরের গাঙ্গিনারপাড়ে এই কর্মসূচি পালন করে।
এ সময় ব্যবসায়ী নেতারা দেশের লাখ লাখ ব্যবসায়ীর কথা বিবেচনা করে অবরোধ-হরতাল প্রত্যাহার করার আহ্বান জানান।
নোয়াখালী: একই দাবিতে নোয়াখালীতে দীর্ঘ মানববন্ধন করেছে শিল্প মালিক, ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নোয়াখালীর জেলা শহর মাইজদীর টাউন হল চত্বরে প্রধান সড়কের ওপর এই মানববন্ধন করে তারা।
নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে জাতীয় পতাকা হাতে মানববন্ধনে পরিবহন শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এদিকে সহিংস রাজনীতি বন্ধ করার দাবিতে দুপুর ১২টার দিকে জেলা শহরের প্রধান সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সাদা পতাকা হতে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।
গোপালগঞ্জ: দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জের ব্যবসায়ীরাও রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ করেছে। দেশের ও অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীরা জাতীয় পতাকা হাতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশব্যাপী ব্যবসায়ীদের নেয়া কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালন করা হয়ে।
রোববার গোপালগঞ্জ জেলা সদরের চৌরঙ্গী, কাপড় পট্রি, কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে, টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারসহ অন্যান্য উপজেলা সদর গুলোতে ব্যবসায়ীরা অনুরুপ কর্মসূচি পালন করে।