ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তত পরীক্ষার দিনগুলোতে হরতাল প্রত্যাহার করুন

Link Copied!

Nahidচট্টগ্রাম প্রতিনিধি : এসএসসি পরীক্ষার দিনগুলোতে হরতাল প্রত্যাহার করার জন্য বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ সন্ধ্যা ৬টার মধ্যে হরতাল প্রত্যাহার করা হলে পরীক্ষা নেয়া সহজ হবে। পরীক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে অন্তত পরীক্ষার দিনগুলোতে হরতাল প্রত্যাহার করুন। পরে আপনারা যা খুশি করুন।
শনিবার সকালে নগরীর কলেজিয়েট স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘২০১০ সাল থেকে আমরা নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে পেরেছি এবং ৬০দিনের মধ্যে ফলাফল দিয়েছি। কিন্তু এবার আমরা নির্দিষ্ট সময়ে পারছি না। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তা  কাটিয়ে উঠার চেষ্ঠা করছি। পুরো যুদ্ধাবস্থার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর জন্য আজকে চট্টগ্রামে এসেছি।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সাম্প্রতিক কালের বিএনপি-জামায়াতের আন্দোলন স্বাভাবিক আন্দোলন না। তারা মানবতাবিরোধী কাজ করছে। তাদের আন্দোলন নাশকতার আন্দোলন। বিবেকবান মানুষমাত্রই এই আন্দোলন মেনে নিতে পারে না। স্বাধীন বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। এসব আন্দোলনে জনগণের সম্পৃক্ততা ছিল। সেসব আন্দোলন সফলতাও পেয়েছিল। কিন্তু এখন আন্দোলন হচ্ছে না, হচ্ছে নাশকতা ও সন্ত্রাস।’
মিডিয়ার উদ্যেশে তিনি বলেন, ‘আমাদের অনেক সফলতা আছে। হরতাল-অবরোধের মধ্যেও ৬০ লাখ শিক্ষার্থীকে ৩ কোটি বই পৌঁছে দিয়েছি আমরা। এমন ঘটনা বিরল। আমাদের ভাল কাজগুলো তুলে ধরার পাশাপাশি মন্দ কাজগুলোও তুলে ধরুন। এর ফলে আমরা ভুলগুলো সংশোধন করতে পারব।’
তিনি বলেন, ‘সব ক্ষেত্রে দেশ এখন এগিয়ে যাচ্ছে, বিএনপি’র এই আন্দোলন ধ্বংসের আন্দোলন। এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াত নেতাদের ছেলেমেয়েও আছে। এরা কোন দলের না। সবাই মিলে আমরা শিক্ষা পরিবার। এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় ৬ কোটি। আমরা কোন রাজনীতিতে নেই। রাজনৈতিক সংকট নানা নিয়ম-আচরণের মাধ্যমে সমাধান করতে হবে। তাদের আন্দোলনের নামে নতুন প্রজন্মের শিক্ষাজীবন ধ্বংস করা হচ্ছে, এটা মেনে নেয়া যায় না।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘চলমান অস্থিতিশীল পরিস্থিতি নতুন প্রজন্মের জন্য ভীতিকর। এই অবস্থার কারণে তারা বিভ্রান্তির মধ্যে থাকবে। একটা সময় পর তারা যখন দেশ চালাবে, তখন তাদের মধ্যে এই পরিস্থিতির প্রভাব পড়বে। তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে না। এই হরতাল জাতির বিরুদ্ধে, নতুন প্রজন্মের বিরুদ্ধে। যা রাজনীতির নামে চালানো হচ্ছে। এটা রাজনীতি না।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘দয়া করে আমাদের ছেলেমেয়েদের পরীক্ষায় ব্যাঘাত ঘটাবেন না। তাদেরকে পরীক্ষা দিতে সুযোগ দিন।’
এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।