আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানের যোদ্ধারা ‘এক মাসব্যাপী ধর্ষণ’ চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। দেশটির বিধ্বস্ত বেনতিউ ও মালকাল শহর পরিদর্শন শেষে শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব ইভান সিমোনোভিচ এ অভিযোগ করেন।
২০১৩ সালে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে প্রেসিডেন্ট সালভা কির তার ডেপুটি রিয়েক মাচারকে বরখাস্ত করলে বিশ্বের সবচেয়ে নবীন এই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।
গত ১৩ মাস ধরে চলা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো শুক্রবার পরিদর্শন করেন সিমোনোভিচ। পরে তিনি এক বিবৃতিতে বলেন, যোদ্ধারা ধর্ষনের জন্য যে অভিযান চালিয়েছে সে বিষয়ে ভয়ঙ্কর প্রতিবেদন পেয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করার মতো না।’ তবে এর সঙ্গে কোন পক্ষ জড়িত সে ব্যাপারে সিমোনোভিচ কিছুই বলেননি।
রোববার দক্ষিণ সুদানের বিবদমান পক্ষগুলোর নেতারা আরেকটি অস্ত্রবিরতিতে সম্মত হয়। কিন্তু ক্ষমতার ভাগাভাগি নিয়ে মতানৈক্য সৃষ্টি হওয়ায় তারা একটি সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন চলতি সপ্তাহে দেশটির নেতৃবৃন্দকে জনগণের স্বার্থকে তাদের নিজেদের স্বার্থের ওপর স্থান দেয়ার আহ্বান জানান।

