জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নাটোর জেলার জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন এই সমস্ত চিকিৎসা সহায়তা সামগ্রী নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এর নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. কামিল বুরহান ফিরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার ও রাকাব, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন সেল এন্ড ব্রাঞ্চেস কন্ট্রোল ডিপার্টমেন্ট-এর উপ-মহাব্যবস্থাপক মো. মহব্বত আলী বিশ^াস ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাটোর জোনের জোনাল ব্যবস্থাপক শেখ মো. রেজাউল ইসলাম।
কোভিড-১৯ চিকিৎসায় জেলার একমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নাটোর সদর হাসপাতাল করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে এই হাসপাতালে বিদ্যমান ১৫টি অক্সিজেন কনসেনট্রেটর এর সাথে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রদত্ত পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর সংযুক্ত হয়ে চিকিৎসা সেবার পরিধি আরও বাড়লো। এ ছাড়াও হাসপাতালটিতে মোট ৩৬২টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

