আন্তর্জাতিক ডেস্ক : সাবেক স্বৈরশাসক মোবারকবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ২৩০ জন বিপ্লবীকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে মিশরের একটি আদালত। এর মধ্যে শীর্ষ পর্যায়ের আন্দোলনকারী আহমেদ দুমাও রয়েছেন ।
২০১১ সালে মোবারকবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আহমেদ দুমা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশপাশি তাকে ২২ লাখ ডলার জরিমানাও করা হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, বুধবার আদালতে ২৬৯ জনকে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে মোবারকবিরোধী আন্দোলন চলাকালে তাহরির স্কয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। আদালত আহমেদ দুমাসহ ২৩০জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া নাবালকের পর্যায়ে পড়া ৩৯ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

