ডেস্ক রিপোর্ট : গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে আড়াই কোটি ডোজ টিকা দিয়ে নতুন রেকর্ড গড়েছে দেশটির সরকার। বিশেষ এই উদ্যোগের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার রাতে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া টুইট করে বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ৭১-এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ এ দিনটিকে ‘ঐতিহাসিক’ করে তুলতে বিজেপি’র পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। এই দিনেই দেশে সর্বাধিক করোনার টিকা দেওয়ার রেকর্ড গড়ার সংকল্প করা হয়।
এদিন দুপুর দেড়টার মধ্যেই ১ কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়ে যায়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়। দেশবাসীর এই সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।
এক টুইটে তিনি লেখেন, আজকের রেকর্ড টিকাকরণে প্রত্যেক ভারতবাসী গর্বিত। আমি দেশের চিকিৎসক, গবেষক, প্রশাসনের কর্মীবৃন্দ, নার্স, স্বাস্থকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের সাধুবাদ জানাচ্ছি। যারা নিরলস পরিশ্রম করে এই টিকাকরণ প্রক্রিয়াকে সফল করেছেন। টিকাকরণের এই প্রক্রিয়াকে আরও জোরদার করে কোভিড-১৯ ভাইরাসকে হারাতেই হবে।
বিজেপির শীর্ষ নেতারা আগেই ঠিক করেছিলেন, মোদির জন্মদিন স্মরণীয় করে রাখতে ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) দেশে মোট দেড় কোটি মানুষকে কোভিডের টিকা দেয়া হবে। সে লক্ষ্য অর্জনে ২ লাখ গ্রামের ৪ লাখ স্বাস্থ্য স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল।
চলতি মাসেই প্রতিদিন ১ কোটি টিকাদানের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে ভারত।

