নিজস্ব প্রতিবেদক : জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের দাম ৪.৯৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ( বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে কমিশন গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি এ সুপারিশ করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া শুনানিতে জালালাবাদ কোম্পানি গ্রাহক ভেদে গ্যাসের দাম গড়ে ৪০ শতাংশ বাড়ানোর আবেদন করে কমিশনের কাছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান কমিশনের কাছে এই আবেদন উত্থাপন করেন।
গণশুনানি পরিচালনা করেন বিইআরসি চেয়ারম্যান এ আর খানসহ কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মাকসুদুল হক ও রহমান মুরশেদ। অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক নুরুল ইসলাম, গণসংহতির প্রধান সম্বন্বয়ক জুনায়েদ সাকি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

