আন্তর্জাতিক ডেস্ক : জর্দানের পণবন্দি পাইলট মোয়াজ আল কাসাসবেহকে অবশেষে জীবন্ত পুড়িয়ে মেরেছে ইসলামিক স্টেট। মঙ্গলবার তার মৃত্যুর একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। এই পাশবিক ঘটনায় ফুঁসে ওঠেছে গোটা জর্দান। ঘাতকদের বিরুদ্ধে ‘দুনিয়া কাপান’ প্রতিশোধের শপথ নিয়েছে দেশটির সরকার।
প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, একটি খাঁচার ভিতরে কাসাসবেহকে আটকে রাখা হয়েছে এবং খাঁচার চারপাশে ছড়িয়ে দেয়া হয়েছে তেল। সেই তেলে আগুন দেয়া হলে জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান খাঁচাবন্দি কাসাসবেহ।
এই ঘটনার প্রতিশোধের দাবীতে জর্ডানের রাজধানী আম্মানে মিছিল করেছে শত শত মানুষ। নিরাপত্তা সূত্রগুলো বলছে, এই ঘটনার প্রতিক্রিয়ায় কয়েক ঘন্টার মধ্যেই একজন ব্যর্থ আত্মঘাতী বোমা হামলাকারীকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। এর আগে নিহত জর্ডানি পাইলটের মুক্তির বিনিময়ে ওই আত্মঘাতী হামলাকারী নারীকে মুক্তির প্রস্তাব দিয়েছিল ইসলামিক স্টেট।
ওয়াশিংটন থেকে দেয়া এক টেলিভিশন ভাষণে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ নিহত পাইলটকে একজন নায়ক হিসেবে অভিহিত করে বলেছেন, তিনি তার দেশ, জাতি এবং বিশ্বাসকে রক্ষার জন্য জীবন দিয়েছেন। ইসলামিক স্টেটকে একটি পথভ্রষ্ট দল হিসেবে উল্লেখ করে বাদশাহ আব্দুল্লাহ বলেন, তাদের সাথে মুসলিম বিশ্বাসের কোন সম্পর্ক নেই।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রে তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বাদশাহ আবদুল্লাহ। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।
উল্লেখ্য, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অংশ নিয়েছিলেন জর্ডানের এই পাইলট। এরকম এক অভিযানের সময় গত ডিসেম্বরে সিরিয়ার রাক্কা শহরে তার বিমানটি ভূপাতিত হয়। সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় আইএস।

