ডেস্ক রিপোর্ট : গত কয়েক দিনের তুলনায় রাজধানীর যাত্রাবাড়ী আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ার কারণে দামও কিছুটা কমেছে। সোমবার (২৩ আগস্ট) সকালে আড়ত ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে বড় ইলিশের চেয়ে ছোট ও মাঝারি আকৃতির ইলিশ বেশি আসছে। এই আড়তে সারাদেশ থেকেই ইলিশ আসে বলে জানিয়েছেন আড়তদাররা।
যাত্রাবাড়ী আড়তে সকালে গিয়ে দেখা যায়, প্রচুর ইলিশ উঠেছে। যেখানে ইলিশ সেখানেই ক্রেতাদের প্রচুর ভিড়। এই আড়তে ছোট আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা কেজি দরে। মাঝারি আকারের ইলিশ প্রতি কেজি ৩৫০ টাকা থেকে ৭৫০ টাকা। ৮০০ থেকে এক হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বড় ইলিশ।
আড়তদার ফজলুর রহমান বলেন, ‘আগের চেয়ে ইলিশের দাম কমেছে। ইলিশ আসছেও বেশি। তবে বিক্রি একটু কম হচ্ছে।’
ডেমরার কোনাপাড়ার একটি বাজারে মাছ বিক্রি করেন শহীদুল ইসলাম। তিনি যাত্রাবাড়ী আড়ত ঘুরছেন মাছ কেনার জন্য। শহীদুল বলেন, ‘দাম আগের চেয়ে একটু কমই দেখছি। কিন্তু আড়তদাররা যে দামে দেন তাতে অনেক সময় লসের মধ্যে পড়তে হয়। তই একটু দেখেশুনে নেব।’
নিলামে তিন হাজার ৭০০ টাকা হালি (৪টি) দরে বড় সাইজের ইলিশ কিনেছেন শরিফুল ইসলাম। প্রতিটি ইলিশের ওজন হবে এক কেজি থেকে এক কেজি ২০০ গ্রাম পর্যন্ত। শরিফুল সাইনবোর্ড এলাকায় মাছ বিক্রি করেন। তিনি বলেন, ‘এক একটি মাছের দাম পড়েছে সোয়া ৯০০ টাকা। এই মাছ কয়েক দিন আগে কিনতে হয়েছে কমপক্ষে এক হাজার ২০০ টাকা দরে।’
আড়তদার ওমর আলীর কাছে সব বড় সাইজের ইলিশ। তিনি বলেন, ‘আমরা ইলিশের ওজন এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত। দেড় কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি করছি এক হাজার ৪০০ টাকা। কয়েক দিন আগেও এই ইলিশ ছিল এক হাজার ৮০০ টাকা।’
যাত্রাবাড়ীর রাজলক্ষী মার্কেটের একটি আড়তের সরকার (হিসাব রাখার কাজ করে) উত্তম বলেন, ‘বড় ইলিশের হালি ছয় থেকে ৭ হাজার টাকা, আর কেজি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা। ক’দিন আগেও এই ইলিশ বিক্রি হয়েছে আট থেকে নয় হাজার টাকা হালি। কেজি ছিল এক হাজার টাকার ওপরে।’
তিনি আরও বলেন, ‘ছোট ইলিশ ২৫০ থেকে ৩০০ টাকা টাকা কেজি। এর দাম আগে ছিল সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫০০ থেকে ৮০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ এখন বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায়।’
‘এখন বড় মাছ কম, জাটকা সাইজের মাছই বেশি আসতেছে। সব জায়গা থেকেই এই বাজারে মাছ আসে।’
আরেক ইলিশ বিক্রেতা সাত্তার মিয়া বলেন, ‘দাম একটু কম। ইলিশ মাছের আমদানি (সরবরাহ) এখন ডাবল। ছোট মাস ২৫০ থেকে সাড়ে ৩০০ টাকা। আমার কাছে এক কেজি সাইজের পর্যন্ত বড় ইলিশ আছে, সেগুলোর কেজি ৯০০ টাকা।’

