আন্তর্জাতিক ডেস্ক : উত্তর মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ১২ জন ইসলামপন্থি জঙ্গি নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় আদরার দে ইফোঘাস পর্বত এলাকায় এ অভিযান চালানো হয়েছে বলে সোমবার ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে এ অভিযানে কোন ফরাসি সেনা নিহত হয়নি।
মালির সেনাবাহিনী সূত্র জানিয়েছে, শনিবার রাতে তুয়ারেগ বিদ্রোহীদের শক্তিকেন্দ্র মরুশহর কিদাল থেকে ১২০ কিলোমিটার দূরে বুরেইসা ও আবেইসা এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালায় ফরাসি বাহিনী। আকাশপথে চালানো গোয়েন্দা পর্যবেক্ষণের মাধ্যমে ফরাসি স্থলবাহিনী অভিযানটি পরিচালনা করে ।
সাহারা মরুভূমি ও অনুর্বর সাহেল এলাকায় ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে উত্তর মালির সীমান্ত এলাকায় ৩,০০০ সেনা মোতায়েন করেছে ফ্রান্স। প্রায় দুই বছর আগে ফরাসি বাহিনীর অভিযানে উত্তর মালি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের দখলমুক্ত হয়। তারপর থেকে এলাকাটি ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীগুলোর ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিচ্ছিন্ন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

