ঢাকাMonday , 28 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইথিওপিয়ায় রয়টার্সের সাংবাদিক গ্রেফতার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রয়টার্সের সাংবাদিক কুমেরা গেমেচুকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহ পুলিশ হেফাজতে রাখা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তবে তাকে এখনও অভিযুক্ত করা হয়নি। কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়েও তার পরিবারের কাছে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
কুমেরা (৩৮) এক দশক ধরে রয়টার্সের ফ্রিল্যান্স ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। তার পরিবারের দাবি, শুক্রবার স্থানীয় একটি আদালতে তার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে সে সময় কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এক বিচারপতি তাকে আরও ১৪ দিন আটকে রাখার নির্দেশ দিয়েছে এবং এই সময়ের মধ্যে পুলিশকে তদন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কুমেরাকে গ্রেফতারের ঘটনার নিন্দা জানানো হয়েছে। এর আগে গত ১৬ ডিসেম্বর রয়টার্সের ফটোগ্রাফার তিকসা নেগেরিকে মারধর করেন ইথিওপিয়ার দুই ফেডারেল পুলিশ কর্মকর্তা। দেশটির বর্তমান পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন।
এক বিবৃতিতে এডিটর ইন চিফ স্টিফেন জে অ্যাডলার বলেন, ইথিওপিয়া থেকে সুষ্ঠু, স্বতন্ত্র এবং নিরপেক্ষভাবে কাজ করা রয়টার্স টিমের একজন সদস্য কুমেরা। তার কাজের মাধ্যমেই তিনি পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। তাকে কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে রয়টার্সও কিছু জানতে পারেনি।
অ্যাডলার বলেন, ‘সাংবাদিকরা যেখানেই থাকুক না কেন তাদের অবশ্যই হয়রানি বা কোনো ধরনের ক্ষতি আশঙ্কা ছাড়াই জনস্বার্থে সংবাদ প্রকাশের অনুমতি দিতে হবে’। তিনি বলেন, ‘কুমেরাকে মুক্ত না করা পর্যন্ত আমরা থামব না।’
গত বৃহস্পতিবার বিকেলে ১০ জন সশস্ত্র ফেডারেল পুলিশ সদস্য আদ্দিস আবাবায় কুমেরার বাড়িতে উপস্থিত হয়ে তাকে তার স্ত্রী, সন্তানদের সামনেই ধরে নিয়ে যায়। কুমেরার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার ফোন, কম্পিউটার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ।