নিজস্ব প্রতিবেদক : ইউক্রেনীয় সেনাবাহিনী এবং সশস্ত্র রুশপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেবালতসেভ। এ অঞ্চলের রেল স্টেশনটি দনেৎস্ক ও লুহানস্কের মধ্যকার যোগাযোগ রক্ষার অন্যতম মাধ্যম। দেবালতসেভ ছাড়াও রুশপন্থীরা পার্শ্ববর্তী ভোলাহিরস্ক শহর দখল করে নিয়েছে বলে দাবি করেছে এবং যথারীতি তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।
দেবালতসেভের সাধারণ মানুষেরা বর্তমানে গৃহবন্দি জীবন যাপন করছেন। বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি আহত হচ্ছেন বোমার শার্পনেল দ্বারা। অনেক অধিবাসীকে পার্শ্ববর্তী আর্তেমিভস্ক শহরের দিকে পালিয়ে যেতে দেখা গেছে। রুশপন্থীদের বক্তব্য ইউক্রেনীয় সেনাবাহিনী উপর্যুপরি কামানের গোলা ফেলছে শহরের বিভিন্ন স্থানে। এতে আহত ও নিহত হচ্ছেন সাধারণ মানুষ যার সঠিক সংখ্যাটি এখনও জানা যায়নি। তবে ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র ভেলোদিমির পোলিওভি ইউক্রেনীয় সংবাদ মাধ্যম ইউক্রেনিস্কা প্রাভদাকে জানিয়েছে তার বাহিনী এ ধরনের কোনো হামলা পুরো দনেৎস্ক এলাকার কোথায় চালায়নি।
অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ-এর রুশ প্রতিনিধি আন্দ্রে কেলিন ২৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সংঘাতের জন্যে মূলত ইউক্রেনকে দুষেছেন। তার ভাষ্য চলমান সহিংসতা রোধকল্পে কোনো প্রকার অস্ত্রবিরতির প্রতি ন্যূনতম আগ্রহও দেখাচ্ছে না কিয়েভ।

