নিজস্ব প্রতিবেদক : বিএনপির হরতাল-অবরোধে অগ্নিদগ্ধ রোগীদের আর্থিক সহায়তা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনে আসেন বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ। এসময় তিনি রোগীদের খোঁজ-খবর নেন এবং অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য প্রত্যেককে ১০হাজার করে টাকা দেন।
পরে বিজিবি প্রধান সাংবাদিকদের বলেন, ‘বিজিবি সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।’
তিনি বলেন, ‘হরতাল-অবরোধে যারা সহিংসতা করছে তাদের সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে আছে। যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারের চেষ্ট করছি।’
চলমান নাশকতায় এ পর্যন্ত ৮৭ জন দগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন হাসপাতাল ছেড়েছেন, ৬ জন মারা গেছেন। এখনও ৪৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
বার্ন ইউনিট থেকে পাওয়া তথ্যানুযায়ী, পেট্রোল বোমায় দগ্ধ ৬ জন আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীর ও আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক। পোস্ট অপারেটিভ ইউনিটে রয়েছেন তিনজন। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় বাসে নাশকতায় দগ্ধ চিকিৎসাধীন ২৯ জনের মধ্যে ৯ জনের অবস্থাও গুরুতর।

