নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীরা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (সরকার ও ব্যক্তিখাতের যৌথ উদ্যোগ) কাজ করতে আগ্রহী। এ জন্য কাস্টমসে ট্রেড ফ্যাসিলিটি বাড়িয়ে ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কর্মাস ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচনা সভায় তিনি এ কথা জানান।
কাজী আকরাম বলেন, ‘ব্যবসায়ীদের কারণেই দেশ আজ এ অবস্থায় এসেছে। ব্যবসার প্রসার বাড়ার কারণে বাজেট বাড়ছে। ব্যবসায়ীরা সরকারের সঙ্গে পার্টনারশীপে কাজ করতে চায়। কাস্টমসে পণ্য খালাস দ্রুতকরণ ও পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের ‘সিঙ্গেল উইন্ডো’ দিলে দেশের উন্নয়নে ব্যবসায়ীরা আরও বেশি ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, ‘একটা সময় দেশের রাজস্ব আহরণের প্রধান মাধ্যম ছিল কাস্টমস ডিউটি। এখন মুক্তবাজার অর্থনীতির কারণে শুল্ক আয় কমেছে। তবে ভ্যাট ও করের আওতায় নতুন কৌশলে শুল্ক আদায় করা হচ্ছে। ব্যবসায়ীরা কখনো কর, ভ্যাট ও শুল্ক প্রদানে অনীহা প্রকাশ করেন। তবে হয়রানিমুক্ত হলে ব্যবসায়ীরা আরও এগিয়ে আসবেন।’
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘ব্যবসায়ীদের জন্য কাস্টমসে ট্রেড ফ্যাসিলিটি বাড়াতে হবে। এ ব্যাপারে কাস্টমসে গবেষণা, দ্রুত পণ্য খালাসের পদক্ষেপ, কর্মকর্তাদের হয়রানি, তথ্যের আদান-প্রদানসহ আন্তর্জাতিক মানের সুযোগ তৈরি করলে ব্যবসার প্রসার বাড়বে। আর তা হলে সরকারের কাস্টমস আয় বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্ব প্রবৃদ্ধি বাড়বে।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান ও এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

