আন্তর্জাতিক ডেস্ক : ভারত সফরের দ্বিতীয দিনে সোমবার সকালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বারাক ওবামা এবং তার পত্নী মিশেল ওবামা। তিনি এখন রাজধানী নয়াদিল্লির রাজপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট প্রণব মুখার্জী সঙ্গে বুলেট প্রুফ কাচের মঞ্চে বসে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ উপভোগ করছেন।
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে রোববার সকালে তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। সফরের প্রথম দিনে মোদির সঙ্গে বহুল প্রতিক্ষীত পরমাণু চুক্তি স্বাক্ষর করেছেন ওবামা।
সোমবার সকালে নিজের বুলেটপ্রুফ লিমুজিনেই রাজপথে প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বৃষ্টির কারণে ছাতা মাথায় দিয়ে মঞ্চে প্রবেশ করে ওবামা দম্পতি। সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে শহীদের স্মরণে দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানান মোদি।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। এরপরই শুরু হয় ভারতের সেনা, বিমান এবং নৌ বাহিনীর সদস্যদের বর্ণাঢ্য কুচকাওয়াজ। বুলেট প্রুফ কাচে ঘেরা মঞ্চে বসে সেনা সদস্যদের সেলুট নিচ্ছেন মোদি ও ওবামা। কন্যাভ্রূণ হত্যা বন্ধে ‘বেটি বাঁচাও’ আন্দোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এবারের প্রজাতন্ত্র দিবসের থিম নারীশক্তি। কুচকাওয়াচে তাই আনা হয়েছে নতুনত্ব। প্রথা ভেঙে এবার সামরিক বাহিনীর নারী সদস্যরাই এতে অংশ নিচ্ছেন।
প্রসঙ্গত, ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের তিন বছর পর ১৯৫০ সালে ভারতে সংবিধান গৃহীত হয় যার স্মরণে এই প্রজাতন্ত্র দিবস।
রাজপথে এই অনুষ্ঠান শেষে সোমবার বিকেলে বিরোধী দল কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন গান্ধীর সঙ্গে দেখা করবেন ওবামা। বিকেল সাড়ে পাঁচটার দিকে হোটেল তাজে ভারত ও মার্কিন কর্মকর্তাদের এক বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর রাতে দু দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের এক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে তার।

