নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে বাংলাদেশে আটকে পড়া ভারতের আরও ১৩৪ জন নাগরিক আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দেশে ফিরেছেন।
ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানায়, বৃহস্পতিবার(১৮ জুন) সকালে ১৩৪ জন ভারতীয় বিশেষ ব্যবস্থায় স্থলসীমান্ত দিয়ে দেশে ফিরে গেছেন।
ভারতীয় হাইকমিশনের সহায়তায় বাংলাদেশে আটকে পড়া ভারতের নাগরিকদের ধাপে ধাপে বিশেষ বিমানে ফিরিয়ে নেওয়া হচ্ছে। গত ২৮ মে সড়কপথেও নাগরিকদের ফেরানো হচ্ছে। উত্তর-পূর্ব তিনটি স্থল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারছেন তারা। এগুলো হচ্ছে- ডাউকি-তামাবিল, আখাউড়া-আগরতলা এবং সুতারকান্দি-শেওলা স্থলসীমান্ত।
গত ২৮ মে এই তিনটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে অবস্থানরত ২০০ জন ভারতের নাগরিক দেশে ফেরেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত মিশন’ নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম চালিয়ে আসছে। এর আওতায় ভারতের নাগরিকদের মধ্যে যারা চাকরি, পড়াশোনা, ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন, তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

