আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গেল দুই সপ্তাহে ১৭ লাখ ৪৫ হাজার ৫৭১ জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল লক্ষাধিক। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। পাশাপাশি যেসব দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তাদের সতর্ক থাকতে বলেছে জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থাটি। খবর আল জাজিরার।
প্রতিদিন নতুন করে যে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে তার তিন ভাগের দুই ভাগই দক্ষিণ এশিয়া ও আমেরিকা মহাদেশগুলোর বলে উল্লেখ করেছে হু।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘একটা সময় ১ লাখ আক্রান্ত হতে দুই মাসের অধিক সময় লেগেছিল। আর এখন প্রতিদিন লাখের উপরে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন যে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে তার তিন ভাগের দুই ভাগ ১০টি দেশের। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আমেরিকার দেশগুলোর।’
টানা ৫০ দিন চীনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। কিন্তু গেল কয়েকদিন ধরে সেখানে নতুন করে আক্রান্ত হতে শুরু করেছে। বিষয়টি হু’ও খতিয়ে দেখছে। পাশাপাশি অন্যান্য দেশ যারা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে এনেছে তাদের সতর্ক থাকতে বলেছে।

