আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্টের কট্টর সমালোচক ও সংবাদমাধ্যম র্যাপলারের সাংবাদিক মারিয়া রেসাকে ‘সাইবার লাইবেল’ এর দায়ে দোষী সাব্যস্ত করেছেন ম্যানিলার আদালত। এই রায় প্রশ্নবিদ্ধ করেছে দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
অভিযোগ অস্বীকার করে মারিয়ার দাবি, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মারিয়ার নিজের নিউজ সাইট র্যাপলারের আরেক সাবেক সাংবাদিককেও দোষী সাব্যস্ত করা হয়েছে। দুজনেরই ছয় বছরের জেলা হতে পারে।
গণমাধ্যম স্বাধীনতায় বিশ্বাসীরা মনে করেন, প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তের সমালোচনা বন্ধে এই বিচার করা হয়েছে।
তবে প্রেসিডেন্ট ও তার সমর্থকরা মারিয়া ও তার সাইটের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন ছাপানোর অভিযোগ করেছে।
ফিলিপাইনের মতো দেশে সাংবাদিকরা যেখানে হুমকির মুখে, তখন মারিয়া দেশে ও বিদেশে সাংবাদিকতা মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।
আট বছর আগে সাবেক এক বিচারকের সঙ্গে উইলফ্রেডো কেং নামের ব্যবসায়ীর অবৈধ যোগাযোগের প্রতিবেদন প্রকাশ করেছিল র্যাপলার। ২০১২ সালে ওই প্রতিবেদনের চার মাসের মাথায় সেপ্টেম্বরে ‘সাইবার লাইবেল’ আইন তৈরি করা হয়।
ওই আইন বলে ২০১৭ সালে মারিয়ার বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এক বছরের মধ্যে অভিযোগ দায়ের না হওয়ায় প্রাথমিকভাবে তা বাতিল করে দেয় ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন্স। পরের বছর মার্চে এই মামলার তদন্ত শুরু হয়।
ফিলিপাইনে জন্ম নেওয়া মারিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন। ৮০’র তদশকে ফার্দিনান্দ মার্কোসের পতনের পর দেশে ফেরেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সাবেক সাংবাদিক ছিলেন মারিয়া। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন র্যাপলার। দুতের্তে প্রশাসনের সমালোচনাকারী হাতে গোনা সংবাদমাধ্যমের একটি ছিল র্যাপলার।

