নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শনিবার (১৬ মে) বিকেলে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ব্যাংকক রুটে প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা শুরুর পর সিঙ্গাপুর, কলকাতা, গুয়াংজুসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
বর্তমানে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের কারণে সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশের আকাশপথের পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত। সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইউএস-বাংলা এয়ারলাইন্সকে আন্তর্জাতিক রুটে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।
ইউএস বাংলা থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের দুর্যোগকালীন দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়া সচল রাখতে ইউএস-বাংলা এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংস্থাটির বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বর্তমান অবস্থায় বিভিন্ন দেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে করোনাভাইরাসের সময়কালীন স্বাস্থ্যসেবাকে সচল রাখার জন্য চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে সহায়তা করছে। এছাড়া জরুরি রপ্তানি পণ্যসামগ্রী বিশেষ করে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য শাক-সবজি ইত্যাদি বিদেশে রপ্তানিতে ভুমিকা রাখছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে প্রায় ১৫ টন কার্গো পরিবহন করতে পারবে। বাংলাদেশের সঙ্গে কার্গো পরিবহনে যেসব দেশের দ্বিপাক্ষিক চুক্তি আছে ইউএস-বাংলা এয়ারলাইন্স সেসব দেশে কার্গো পরিবহন করতে পারবে।
কামরুল ইসলাম জানান, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কলকাতা, চেন্নাই, গুয়াংজু, মাস্কাট, দোহাসহ এশিয়ার দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত রুটে কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা তাদের রয়েছে।
গত ৯ মে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা।

