নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে হওয়া আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার ঘোষিত ঋণের টাকা ফেরত পেতে ‘ঋণঝুঁকি নিশ্চয়তা কর্মসূচি’ চালুর দাবি জানিয়েছে ব্যাংকের চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে এ দাবি জানানো হয়েছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠন দুটি বলছে, আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার যে প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তার বাস্তবায়ন এখনো শুরু হয়নি। মোটা দাগে এ প্যাকেজের অর্থায়ন ও বাস্তবায়ন দুটিই করবে ব্যাংক খাত। ক্ষুদ্র থেকে বৃহৎ সব খাতকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। সুদের প্রায় অর্ধেক সরকার বহন করলেও বাকি অর্ধেক যারা ঋণ নেবে, তাদেরই বহন করতে হবে।
আগামী জুন পর্যন্ত চলতি ঋণের কিস্তি না দিলেও খেলাপি হিসেবে গণ্য না হওয়ার যে নিশ্চয়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকাররা চান এই সুযোগটি আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এছাড়া, সরকারের পক্ষ থেকে একটা ‘ঋণঝুঁকি নিশ্চয়তা কর্মসূচি’ করার প্রস্তাব করা হয়।
বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেছেন, ‘কিস্তি দিতে না পারলেও আগামী জুন পর্যন্ত গ্রাহকেরা খেলাপি হবেন না। এ সুযোগ ডিসেম্বর পর্যন্ত শিথিল হওয়া দরকার।’
এবিবি সভাপতি আলী রেজা ইফতেখার অর্থমন্ত্রীর কাছে দাবি করেছেন, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ‘ঋণঝুঁকি নিশ্চয়তা কর্মসূচি’ চালু করা হোক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) ৫ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নামিয়ে আনা এবং রেপোর হার ৬ শতাংশ থেকে কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত ব্যাংক খাতে তারল্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে, ব্যাংক থেকে মানুষের নগদ টাকা তোলার চাপ বেড়েছে এবং ব্যাংকের আমানত প্রবাহও কমেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, ব্যাংক খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা দরকার, সরকারের পক্ষ থেকে সবই করা হবে। এদিকে, বিএবি ও এবিবি অর্থমন্ত্রীকে আশ্বাস দিয়েছে যে, তার পরামর্শগুলো মানা হবে। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ব্যাপারে শিগগিরই আবার বৈঠক করবে বিএবি ও এবিবি। সংগঠন দুটি প্রত্যেক ব্যাংককে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের রূপরেখা তৈরির পরামর্শ দেবে বলে অর্থমন্ত্রীকে জানিয়েছে।

