আন্তর্জাতিক ডেস্ক : নোভেল করোনাভাইরাসের মহামারির জন্য চীন ‘জেনেশুনে দায়ী’ হলে ফল ভোগ করতে হবে, এই হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। করোনা নিয়ন্ত্রণে চীনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে তাদের ওপর চাপ আরো বাড়ালো অস্ট্রেলিয়া।
রোববার করোনা মোকাবিলায় চীনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ভাইরাসটির উৎস সম্পর্কে জানতে এবং কীভাবে ছড়িয়ে সেটা বের করতে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া।
গত বছরের শেষ দিকে চীনের উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এই করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ভাইরাসটি দেড় লাখের বেশি মানুষের প্রাণ নিয়েছে এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন জানান, চীনের স্বচ্ছতা সম্পর্কে তার ‘উচ্চমাত্রার’ উদ্বেগ রয়েছে। তিনি এবিসি টেলিভিশনকে বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ে চারপাশে যে বিষয়ে বিতর্ক হচ্ছে, সেগুলো স্বাধীন পর্যালোচনার বিষয়। আমি মনে করি এটা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসলে অস্ট্রেলিয়া এ ব্যাপারে জোর দেবে।’
অস্ট্রেলিয়া তার জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠার আগেই মহামারি নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলা যায়। রোববার একদিনে নতুন করে ৫৩ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ৬৫৮৬ জন। আর মৃত্যু হয়েছে ৭১ জনের। টানা সাতদিন নতুন আক্রান্ত বাড়ার হার এক শতাংশের নীচে ছিল, যা অন্য অনেক দেশের তুলনায় বেশ কম।
মহামারি নিয়ে পেইনের তদন্তের ডাক এমন সময়ে এলো যখন অস্ট্রেলিয়া ও তার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে। পেইন বলছেন, ‘চীনের প্রতি আমার আস্থা দীর্ঘদিনের। কিন্তু আমার উদ্বেগ স্বচ্ছতা নিয়ে।’

