ঢাকাSunday , 19 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনো বেতন দেয়নি ১৮১ পোশাক কারখানা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত ১৮১টি কারখানার এক লাখ ১২ হাজার ৪১৭ শ্রমিক এখনো বেতন-ভাতা পাননি।
সংগঠনটির সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২ হাজার ৯৩ কারখানার মালিক তাদের শ্রমিকের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছেন। তাদের হিসাবে ৯৫.৪৫ শতাংশ শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিএমইএর তথ্য বলছে, বর্তমানে সদস্যভুক্ত কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ১৯ এপ্রিল পর্যন্ত মার্চ মাসের বেতন পেয়েছেন ২৩ লাখ ৬০ হাজার শ্রমিক। এ হিসাবে এখনো মার্চ মাসের বেতন পাননি এক লাখ ১২ হাজার ৪১৭ গার্মেন্টস শ্রমিক।
বিজিএমইএ বলছে, ২ হাজার ২৭৪ কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩২৫ কারখানা, গাজীপুরের ৭৪৬ কারখানা, নারায়ণগঞ্জ এলাকার ২৬০, সাভার ৪৪০, চট্টগ্রাম ২৮৩ এবং প্রত্যন্ত এলাকার ৩৯টি অঞ্চলের গার্মেন্টসের মালিকরা বেতন পরিশোধ করেছেন। এছাড়া বাকিদের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন।
এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, বেশিরভাগ বড় বড় প্রতিষ্ঠান মার্চের বেতন পরিশোধ করেছে। যারা বেতন দেননি তাদের অধিকাংশ ছোট ছোট প্রতিষ্ঠান। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আর্থিক সমস্যা, ব্যাংকিং জটিলতা ও চলমান পরিস্থিতিতে যাতায়াতের কারণে বেতন পরিশোধ করতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আগামী ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে শতভাগ শ্রমিক মার্চে বেতন পাবেন।
এদিকে বেতন না পেয়ে করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়েও মার্চ মাসের বেতন-ভাতার দাবিতে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।
গত ১৩ এপ্রিল এক বিবৃতিতে চলমান করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।