আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে মারমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান ডা. পুনম খেত্রপাল সিং মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ১১টি দেশ রয়েছে। এর প্রায় সবকটি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী নতুন করে শনাক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ।
ডা. পুনম খেত্রপাল সিং জানান, ‘ভাইরাসের আরও সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। আমাদের সুষ্পষ্টভাবে দ্রুত আরও বেশি পদক্ষেপ নিতে হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে হারে সংখ্যা বাড়ছে তাতে দেখা যাচ্ছে, ‘কিছু দেশ ইতোমধ্যে এলাকাভিত্তিক কোভিড-১৯ সংক্রমণের দিকে যাচ্ছে।’
সংস্থাটি এই দেশগুলোকে ‘শনাক্ত, পরীক্ষা, চিকিৎসা, বিচ্ছিন্নকরণে ও ভাইরাসবাহী রোগীকে শনাক্তের’ চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

