নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস থেকে রক্ষায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটে দেশের সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে এবং সব বন্দরের প্রবেশমুখে মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রোববার (১৫ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট করেন।
রিট আবেদনে করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব, স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।
ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আগামীকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।’

