নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সিঙ্গাপুরে অবস্থানরত ৫ বাংলাদেশি। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আরো একজনের অবস্থা উন্নতির দিকে। আশা করা যাচ্ছে দুই-তিন দিনের মধ্যে তিনিও ছাড়া পাবেন।
সোমবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী আরো জানান, একজন এখনও আইসিইউতে আছেন এবং তার কিছুটা উন্নতি হয়েছে। তার একজন আত্মীয়কে তার সাথে দেখা করতে দেয়া হয়েছে।
এই ৫ জন একই জায়গা থেকে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া সেখানে আর কোনো বাংলাদেশি আক্রান্ত হননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো জানান, আমি একদিনের জন্য জেনেভা এসেছি। পাশের দেশ আক্রান্ত ইতালির সাথে বর্ডারে আলাদা কোন ব্যবস্থা এখানে নেয়া হয়নি। যাতায়াত অবাধ রাখা হয়েছে। ৮ জন আক্রান্ত এখানে যার মধ্যে অন্য মিশনে কাজ করা কর্মকর্তা রয়েছেন। বড় ধরনের আয়োজন বন্ধ করা হয়েছে যার মধ্যে ইউরোপের একটি দেশের জাতীয় দিবসও আছে।
‘জাতিসংঘের সংস্থাগুলোর পক্ষ থেকে বিভিন্ন দেশে তাদের বৈঠকগুলোতে অংশগ্রহণ বিষয়ে কিছু গাইডলাইনের ব্যাপারে দুই একদিনের মধ্যে কিছু জানানো হতে পারে।’
প্রসঙ্গত, বাংলাদেশে এখনও করোনাভাইরাস সংক্রমিত হয়নি। সিঙ্গাপুরে ৫জন ও সংযুক্ত আরব আমিরাতে ১জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর বাইরে অন্য কোনো দেশে কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

