আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার নিরিখে নিজেকে প্রথম স্থানে থাকার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার এক টুইট বার্তায় এ দাবি জানান তিনি।
ওই টুইট বার্তায় ট্রাম্প লেখেন ‘আমার মনে হয়, এটা বিরাট সম্মান! মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড জে ট্রাম্প ফেসবুক-এ ১ নম্বরে৷ ২ নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দু সপ্তাহের মধ্যেই আমি ভারতে যাচ্ছি।’
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত-সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। দিল্লি ও আহমদাবাদে বৈঠক করবেন দুই রাষ্ট্রনেতা। আহমেদাবাদে রোড-শো করবেন মোদি ও ট্রাম্প।
গত ১২ ফেব্রুয়ারি মোদি ট্যুইটারে লেখেন, ‘আমাদের সম্মানীয় অতিথিকে স্মরণীয় রাখার মতো স্বাগত জানাবে ভারত।’
ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহেই মোদির সঙ্গে তার কথা হয়েছে। মোদি জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি আহমদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে কয়েক লাখ মানুষ জড়ো হবেন।
গত বছর টেক্সাসে ‘হাউডি মোদি’ ইভেন্টের মতোই আহমেদাবাদে ট্রাম্পের ইভেন্টের নাম হলো ‘কেম ছো ট্রাম্প!’।

