নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আজ সোমবার বিকেলে বসছে দশম সংসদের পঞ্চম অধিবেশন। বিকেল ৪টায় এ অধিবেশন শুরু হবে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে বক্তব্য দেবেন।
ফরমালিন নিয়ন্ত্রণ বিলসহ ২টি বিল পাস হওয়ার কথা রয়েছে এই অধিবেশেনে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হবে। এ কারণে অন্যান্য বছরের ন্যায় এবারো বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে।
গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিল ৩৬ কার্যদিবস। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করবেন। সোমবার বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে।
এ বিষয়ে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘বছরের প্রথম এই অধিবেশনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ। বিএনপি-জামায়াত জোটের অবরোধ সংসদীয় কোনো কাজে ব্যাঘাত ঘটাতে পারবে না।’
জানা গেছে, সোমবার পর্যন্ত দু’টি নতুন বিল এসেছে সংসদে। এছাড়াও চারটি বিল অনিষ্পন্ন রয়েছে। পাস হওয়ার জন্য জমা হওয়া নতুন বিলগুলো হলো- ‘ফাইনান্সিয়াল রির্পোটিং বিল, ২০১৪’ ও ‘ফরমালিন নিয়ন্ত্রণ বিল, ২০১৪’।
এছাড়া অনিষ্পন্ন বিলগুলো হলো- ‘দ্য ট্রেডিং করপোরেশন বাংলাদেশ অর্ডার (সংশোধন) বিল, ২০১৪’; ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউশন বিল, ২০১৪’; ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৪’ এবং ‘মেট্রোরেল বিল, ২০১৪’।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন।

