নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্মাণ যে একটি শিল্প এখন তা দেশের মানুষ বুঝতে পেরেছে৷
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) আয়োজিত নির্মাণ মেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, ‘বর্তমানে স্থাপত্যবিদ্যার বিষয়ে জানার অনেক সুযোগ রয়েছে যেটা আগে ছিলো না। আমি নিজেই এই সেক্টরের অভিজ্ঞ ব্যক্তি নই। তারপরেও এই ধরনের প্রোগ্রামে এসে কাজের ক্ষেত্রে অনেক কিছু জানতে পারি।’
তিনি বলেন, ‘আমরা যেখানেই যাই সেখানেই চোখে পড়ে শুধু নির্মাণ আর নির্মাণ। বাংলাদেশে বর্তমানে যে নির্মাণ শিল্পের ঝড় উঠেছে তার প্রমাণ পাই রাস্তায় বের হলেই। নির্মাণ কাজের জন্য রাস্তায় পড়ে থাকতে দেখা যায় রড, সিমেন্ট, পাথর, বালিসহ নির্মাণ সামগ্রী।’
মন্ত্রী বলেন, ‘নির্মাণ মেলা-২০১৯ উপলক্ষে দেশ-বিদেশের অনেক অতিথি এসেছেন। এই মেলার মাধ্যমে এক দেশ আরেক দেশের স্থাপত্য সম্পর্কে জানতে পারবেন। তৈরি হবে আপনাদের মধ্যে ভালো বন্ধুত্ব।’
এবারের মেলায় প্রায় ২৫টির মতো দেশ অংশ নিয়েছে এবং ৭৮টি স্টল রয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই নির্মাণ মেলা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএবির সভাপতি জালাল আহমেদ, সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন, আর্কেএশিয়া ফোরাম-২০ এর আহ্বায়ক ড. আবু সাঈদ এম. আহমেদ প্রমুখ।

